আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে চাঁদাবাজি, ছিনতাইসহ অর্ধডজন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বাপ্পাকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার সন্ধ্যায় কোর্টপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানায় নেয়।
জানা গেছে, কোর্টপাড়ার বাদল আলীর ছেলে বাপ্পা (২৫) আলমডাঙ্গা শহরের বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত। আদালতে তার বিরুদ্ধে প্রায় অর্ধডজন মামলা রয়েছে। তার নামে ২০১০ সালে মারামারি মামলা, ২০১২ সালে চাঁদাবাজি মামলাসহ তিনটি ছিনতাই মামলা হয়। প্রত্যেকটি মামলায় আদালত তার বিরুদ্বে গ্রেফতারি পরোয়ানা জারি করে। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গতকাল সন্ধ্যায় আলমডাঙ্গা থানার এসআই আফজাল গোপন সংবাদের ভিত্তিতে কোর্টপাড়ায় অভিযান চালিয়ে গ্রেফতার করেন। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।