বেনাপোল কালুখালীতে দু লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার: রাজবাড়ীতে এক ব্যবসায়ীকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। কালুখালীতে এক বৃদ্ধার এবং বেনাপোলে এক অজ্ঞাতপরিচয় যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজবাড়ী শহরের শ্রীপুর গ্রামে আলী আহম্মদ মিয়া (৭৮) নামের এক বিত্তশালী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ গতকাল রবিবার লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী হাসপাতাল মর্গে পাঠায়। বৃদ্ধের ভাতিজা বিল্লাল মিয়া জানান, শনিবার রাত ৮টার দিকে শহরের শ্রীপুর বাজার থেকে বাইসাইকেল চালিয়ে এক কিলোমিটার দূরে থাকা নিজ বাড়ির উদ্দেশে রওনা হন আলী আহম্মদ মিয়া। তিনি রাজবাড়ী হর্টিকালচার সেন্টারের পেছনের রাস্তা দিয়ে বাড়ির কাছাকাছি পৌঁছতেই একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে দ্রুত রাজবাড়ী হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে জরুরি বিভাগে ২০ মিনিট চিকিৎসা গ্রহণের পরই তিনি মারা যান। নিহত আলী আহম্মদের প্রচুর জমিজমা রয়েছে। তিনি জমি বেচাকেনার ব্যবসা করতেন। বৃদ্ধের বড় ছেলে আব্দুর রাজ্জাক মিয়া বলেন, তার আপন মা এবং এক সৎমা মারা গেছেন। বর্তমানের আকলিমা বেগম নামে অন্য এক সৎমা সংসারে রয়েছেন। এই সৎমার সংসারে এক কন্যাসন্তান রয়েছে। ওই সন্তানসহ তার তিন মায়ের সাত মেয়ে ও দু ছেলে রয়েছে। নিহতের ব্যবসায়ীক পার্টনার ছিলেন জেলা সদরের আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের কাদের ভুঁইয়ার ছেলে মোতালেব ভুঁইয়া (৪৫)।
রাজবাড়ী থানার ওসি শহীদুল ইসলাম বলেন, নিহতের ব্যবসায়ীক পার্টনারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে গতকাল রবিবার দুপুরে রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দনপুর গ্রাম থেকে পুলিশ সাজেদা বেগম (৮০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে। নিহতের গলায় দাগ রয়েছে। তার পরিবারের সদস্যরা জানিয়েছে, ঘরের আড়ার সঙ্গে রশি ঝুলিয়ে তিনি আত্মহত্যা করেছেন। রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার আহসান হাবিব লাশ পর্যবেক্ষণ করে তা ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন।
যশোর বেনাপোল পোর্ট থানার বালুণ্ডা গ্রামের একটি ধানক্ষেত থেকে গতকাল রোববার সকালে অজ্ঞাতপরিচয় এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, গতকাল সকালে বালুণ্ডা মাঠে কৃষকরা কাজ করতে গিয়ে ধানক্ষেতে বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। স্থানীয়দের ধারণা, চোরাচালানের ঘটনায় তাকে পিটিয়ে হত্যা করে বস্তাবন্দি করে লাশ মাঠে ফেলে রাখা হয়েছে।