কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মুনিব (৩৫) ও জাহানারা (২৬) নামের দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কে সদর উপজেলার নলকোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুনিব কুষ্টিয়া সদর উপজেলার গজনবীপুর গ্রামের বাসিন্দা ও জাহানারা ঝিনাইদহের দাড়াগঞ্জ এলাকার কদর মোল্লার মেয়ে। মুনিব ও জাহানারা সম্পর্কে দুলাভাই ও শ্যালিকা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে মুনিব, জাহানারা আরও একজন চালকসহ মোটরসাইকেলে করে কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসার দিকে যাচ্ছিলেন। নলকোলা এলাকায় পৌঁছানোর পর পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে সড়কে পড়ে যান। ঘটনাস্থলে মুনিব ও জাহানারা মারা যান। কুষ্টিয়ার পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মুনিব ও জাহানারা ঘটনাস্থলে মারা গেছেন। মোটরসাইকেল চালককে আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালেরমর্গে পাঠানো হয়েছে।