ডিঙ্গেদহ প্রতিনিধি: বিদ্যুতের মিটারের পিটিসিল টেম্পারিং করার অপরাধে চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ এশিয়া বিস্কুট ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। চুয়াডাঙ্গা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম গতকাল বুধবার বেলা ১টার দিকে এ অভিযান পরিচালনা করেন। এশিয়া বিষ্কুট ফ্যাক্টরি কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালতের নিকট বিদ্যুতের মিটারের পিটিসিল টেম্পারিং করার কথা স্বীকার না করায় জেল জরিমানা না করে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে চুয়াডাঙ্গা ওজোপাডিকো নির্বাহী প্রকৌশলীকে পরীক্ষা নিরীক্ষা করে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ দিয়ে ফিরে যান। এ সময় সাথে ছিলেন চুয়াডাঙ্গা ওজোপাডিকোর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সবুক্তাগীন ও বেঞ্চ সহকারী কামরুজ্জামান। এ ব্যাপারে চুয়াডাঙ্গা ওজোপাডিকোর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সবুক্তাগীন বলেন গত ফেব্রুয়ারি-১৫ পর্যন্ত ৬ মাসে এশিয়া বিস্কুট ফ্যাক্টরির গড়ে প্রতি মাসে বিল হতো ২৪হাজার ইউনিট, কিন্ত মার্চ-১৫ হতে অক্টোবর পর্যন্ত বিল উঠে গড়ে প্রতিমাসে ১০হাজার ইউনিট। পূর্বের তুলনায় গত মার্চ হতে অক্টোবর পর্যন্ত আট মাসে ১লাখ ১০হাজার ১১২ ইউনিট কম বিল হয়। যার মূল্য ৮লাখ ৩৩হাজার ৫৪৮ টাকা। প্রতিটি মিটারে ২টি সিল থাকে। ১টি মিটারে ভিতরে এবং ১টি বক্সে সিল থাকে। তবে উভয় সিলের নম্বর একই থাকে। বিল কম উঠায় সন্দেহ হলে পরীক্ষা করে দেখা যায় ২টি সিলের নম্বর এক নয়। বিল কম তোলার জন্য বক্সের সিলটি টেম্পারিং করা হয়েছে। অভিযানে এশিয়া বিস্কুট ফ্যাক্টরির বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া ও বক্সের সিল টেম্পারিং করার অপরাধে এশিয়া বিস্কুট ফ্যাক্টরির বিরুদ্ধে মামলা করা হবে।
ডিঙ্গেদহ এশিয়া বিস্কুট ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন