বিদেশি টুকরো খবর

ফিলিপাইনে দু চীনা কূটনীতিককে গুলি করে হত্যা

মাথাভাঙ্গা মনিটর: ফিলিপাইনের সেবু নগরে দু চীনা কূটনীতিককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বুধবারের ওই হামলায় আরেকজন কূটনীতিক আহত হন।
পুলিশ জানায়, স্থানীয় সময় বেলা দেড়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় সেবু নগরের ওই রেস্তোঁরায় কূটনীতিকেরা খাবার খাচ্ছিলেন। এক গণমাধ্যমে বলা হয়, সেবু নগরের চীনের কনস্যুলেটের ডেপুটি কনসাল ও অর্থবিষয়ক কর্মকর্তা নিহত হয়েছেন। কনসাল জেনারেল আহত হন বলে পুলিশের মুখপাত্র উইলবেন মেয়র জানান। মেয়র বলেন, এ ঘটনায় দু চীনা নারীকে আটক করা হয়েছে। তাদের একজনের স্বামী কনস্যুলেটের একজন কূটনীতিক হিসেবে কাজ করেন। আটক অপর নারীও দূতাবাসে কাজ করেন। এ ব্যাপারে ম্যানিলায় অবস্থিত চীনা দূতাবাস থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

আসাদের আকস্মিক রাশিয়া সফর

মাথাভাঙ্গা মনিটর: কোনো পূর্বঘোষণা ছাড়াই রাশিয়া সফর করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাতও করেছেন তিনি। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এটিই আসাদের প্রথম বিদেশ সফর। আসাদকে সাহায্য করতে ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়া। রাশিয়ার দাবি, তারা সিরিয়ায় অবস্থিত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের ওপর বিমান হামলা চালাচ্ছে। কিন্তু বাস্তবে তারা মূলত আসাদ বিরোধী বিদ্রোহীদের ওপর হামলা করছে। গত মঙ্গলবার সন্ধ্যায় মস্কো যান আসাদ। গতকাল বুধবারই আবার তিনি রাজধানী দামেস্ক ফিরে আসেন। আসাদের দেশে ফিরে আসার পর তার রাশিয়া সফরের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। আসাদের এ আকস্মিক সফর তার আত্মবিশ্বাস ফিরে আসার লক্ষণ বলে জানানো হয়। তিনি দামেস্ক ছেড়ে যাওয়া নিরাপদ মনে করেছিলেন বলেই গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম দেশ ছেড়ে বাইরে গেলেন। ক্রেমলিনের পক্ষ থেকে আসাদ ও পুতিনের বৈঠকের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে, রাশিয়া সফরে যাওয়ায় আসাদকে ধন্যবাদ জানান পুতিন। পুতিন বলেন, মস্কো সিরিয়ার গৃহযুদ্ধে একটি ইতিবাচক পরিবর্তন আনতে চায়। যাতে রাজনৈতিকভাবে সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান করা সম্ভব হয়।

আইএস বিরোধী অভিযান থেকে সরে যাচ্ছে কানাডা

মাথাভাঙ্গা মনিটর: ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইসলামিক স্টেট (আইএস) বিরোধী বিমান অভিযান থেকে কানাডার জঙ্গি বিমান প্রত্যাহার করা হবে বলে নিশ্চিত করেছেন দেশটির হবু প্রধানমন্ত্রী জাস্টিন ত্রুদো। গতকাল বুধবার এক গণমাধ্যমে জানা গেছে, কানাডার নির্বাচনে ত্রুদোর নেতৃত্বাধীন লিবারেল পার্টি জয় পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ত্রুদো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিজের এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। অভিযানে অংশ নেয়া কানাডার সিএফ-১৮ জঙ্গি বিমানগুলোর ২০১৬ সালের মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যে অবস্থান করার কথা ছিলো। কিন্তু নির্বাচনী প্রচারণাকালে সেগুলো ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন ত্রুদো। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছেন তিনি। তবে কবে নাগাদ সবগুলো বিমান প্রত্যাহার করা হবে তার সময়সীমা এখনো জানাননি তিনি। গত সোমবার অনুষ্ঠিত কানাডার জাতীয় নির্বাচনে জয় পেয়ে কনজারভেটিভদের প্রায় একদশক ব্যাপি শাসনের অবসান ঘটায় ত্রুদোর নেতৃত্বাধীন লিবারেল পার্টি। নির্বাচনে জয়ের ফলে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারকে সরিয়ে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সাবেক স্কুল শিক্ষক ত্রুদো। তিনি আধুনিক কানাডার জনক হিসেবে সম্মানিত দেশটির সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ত্রুদোর বড় ছেলে।

পাকিস্তানি ছবিতে অভিনয় করবেন কারিনা!

মাথাভাঙ্গা মনিটর: স্রোতের বিপরীতে হাটতে চলেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় বলউড নায়িকা কারিনা কাপুর খান। ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনার পাকিস্তানের সাথে একের পর এক ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়েছে ভারত। সেখানে কারিনা কাপুর পাকিস্তানি কোনো সিনেমায় অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। খবর রটেছে, আগামী সপ্তাহেই দুবাই যাবেন কারিনা। সেখানে পাক পরিচালক শোয়েব মনসুরের সাথে সাক্ষাৎ হবে তার। এর আগেই কারিনাকে ছবির চিত্রনাট্য শুনিয়েছেন ছবির পরিচালক শোয়েব। ই-মেইলে তা পাঠিয়েও দেন নায়িকাকে। তবে চূড়ান্ত চুক্তিতে আসার আগে সরাসরি স্ক্রিপ্ট শুনতে চান কারিনা। এ জন্যই তার এ দুবাই-যাত্রা। চিত্রনাট্য শুনে একেবারে নাকি সই করে ফিরবেন তিনি। সবকিছু ঠিক থাকলে কারিনাই বলিউডের টপ র‌্যাংকিংয়ে থাকা নায়িকাদের মধ্যে প্রথম যিনি কোনো পাক ছবিতে অভিনয় করবেন। এ নতুন প্রজেক্ট নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত খোদ কারিনাই। অন্তত এমনটাই জানাচ্ছেন নায়িকার ঘনিষ্ঠজনরা।

 

Leave a comment