বাজার গোপালপুর প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ওয়াড়িয়া গ্রামে ফজের আলী ওরফে ফেলা (৪০) নামে এক কৃষক বিদ্যুত স্পৃষ্টে মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় গ্রামের বিলের মাঠে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের ওয়াড়িয়া গ্রামের ভিকু মণ্ডলের ছেলে ছয় সন্তানের জনক কৃষক ফজের আলী ওরফে ফেলা হামলার বিলে জমিতে ধানের চারা রোপণ করার জন্য খোলা থেকে চারা আনতে যান। চারাখোলা থেকে জমির জন্য চারা তুলে পাশে জমিতে মাথায় করে নিয়ে যাচ্ছিলেন তিনি। পথে পোল থেকে পল্লি বিদ্যুতের ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তার জড়িয়ে যায় তার শরীরে। এতে বিদ্যুত স্পৃষ্টে হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই কৃষক। ঘটনার পর বাজারগোপালপুর ক্যাম্প পুলিশ ও ঝিনাইদহ পল্লি বিদ্যুতের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে ঝিনাইদহ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপিনাথ কানজিলাল জানান, এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।