স্টাফ রিপোর্টার: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার দ্বিতীয় দিনে নিবন্ধন করেও পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত ছিলো প্রায় অর্ধলাখ শিক্ষার্থী। সারাদেশে গতকাল অনুষ্ঠিত জেএসসির গণিত ও জেডিসির ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৪৪ হাজার ১৩৪ জন। বিভিন্নস্থানে শিক্ষার্থী ছাড়াও শিক্ষকদের বিরুদ্ধে প্রশ্ন ফাঁস, নকল ও বাড়িতে বসে উত্তরপত্র তৈরির গুরুতর অভিযোগ উঠেছে। অসদুপায় অবলম্বনের দায়ে ৪১ শিক্ষার্থীসহ এদিন হরিণাকুণ্ডুর দু জনসহ মোট ৭ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। কুষ্টিয়ার খোকসায় গণিত পরীক্ষার প্রশ্নের উত্তরপত্র বাড়িতে বসে তৈরির দায়ে চার শিক্ষককে দু বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ফেসবুকে প্রশ্নপত্র ফাঁসের বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে মুন্সিগঞ্জে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। পরীক্ষার আগে জামালপুরে প্রশ্নপত্রসহ আটক করা হয়েছে দু ব্যক্তিকে। দু শিক্ষকসহ তিন পরীক্ষার্থী বহিষ্কার করা হয়।
হরিণাকুণ্ডু প্রতিনিধি জানিয়েছেন, হরিণাকুণ্ডুতে জেএসসি পরীক্ষার ২য় দিনের গণিত বিষয়ের পরীক্ষা চলাকালে বোর্ড কর্তৃপক্ষ হরিণাকুণ্ডু পাইলট হাইস্কুল কেন্দ্রে শিক্ষার্থীর খাতায় এমসিকিউ প্রশ্নের উত্তর ঠিক করে দেয়ার সময় হাতেনাতে একজন কক্ষ পরিদর্শক ধরে ফেলেন। এছাড়া অন্য আর একজন কক্ষ পরিদর্শককে কর্তব্যে অবহেলার দায়ে অভিযুক্ত করে উভয় কক্ষ পরিদর্শককে বহিষ্কার করে। বহিষ্কৃত শিক্ষক দুজন হলেন শ্রীফলতোলা হাইস্কুলের দেলোয়ার হোসেন এবং ধূলিয়া হাইস্কুলের রকিবুল ইসলাম। এ সময় কেন্দ্রে এক পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কার করা হয়। অন্যদিকে প্রিয়নাথ হাইস্কুল ভেন্যুতে অসদুপায় অবলম্বনের অভিযোগে বোর্ডের একই টিম অপর দু পরীক্ষার্থীকে বহিষ্কার করে।
ডাকবাংলা প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত জেএসসি ও জেডিসি পরীক্ষার কেন্দ্রে ৩০ জন অনুপস্থিত ছিলো। কেন্দ্র পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরনাহার বেগম। তিনি উত্তর নারায়ণপুর মূলকেন্দ্র মাদরাসা এবং সাবকেন্দ্র আ.রউফ ডিগ্রি কলেজের পরীক্ষার হল পরিদর্শন করেন। পরীক্ষার দ্বিতীয় দিনে ১ হাজার ২৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০ জন অনুপস্থিত ছিলো বলে কেন্দ্রসচিব মো. আবু দাউদ জানান।