মাথাভাঙ্গা মনিটর: নিজেদের দেশে ক্রিকেট ফেরাতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২০০৯ সালে পাকিস্তানে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে দেশটিতে খেলতে আসছে না কেউই। এরপর কেটে গেছে প্রায় সাত বছর। বারবার বিদেশি দল আনার চেষ্টা করছে দেশটির ক্রিকেট বোর্ড এবার বিদেশি ক্রিকেটারদের মধ্যে পাকিস্তানে খেলার আগ্রহ তৈরি করতে এবার বড় অঙ্কের বোনাস দেয়ার ঘোষণা দিলো তারা। পাকিস্তান সুপার লিগের আগামী মরসুমে লাহোরে খেলতে রাজি হলে বিদেশিদের অতিরিক্ত ২০ হাজার ডলার দেয়ার ঘোষণা দিয়েছে পিসিবি। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ১৬ লাখ টাকা। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে বসবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসর। প্রথম দিকে শোনা গিয়েছিলো দ্বিতীয় আসরও বসবে আরব আমিরাতে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড চাচ্ছে এই আসর হোক লাহোরেই।
সেক্ষেত্রে বিদেশি ক্রিকেটারদের প্রলুব্ধ করতেই এ বাড়তি অর্থ দেয়ার ঘোষণা দিয়েছে পিসিবি। লাহোরে খেলতে রাজি থাকা প্রতি বিদেশি ক্রিকেটারকে বাড়তি ২০ হাজার ইউএস ডলার বোনাস দেবে তারা।