মুস্তাফিজ ২৫ ধাপ : ইমরুল এগিয়েছেন ১৬ ধাপ

স্টাফ রিপোর্টার: আইসিসির ওয়ানডে ৱ্যাঙ্কিঙে বোলারদের মধ্যে ২৫ ধাপ এগিয়েছেন মুস্তাফিজুর রহমান। অন্যদিকে ব্যাটিঙে ১৬ ধাপ এগিয়েছেন ইমরুল কায়েস। জিম্বাবুয়ের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজের প্রথম ম্যাচে উইকেট না পেলেও পরের দু ম্যাচে যথাক্রমে ৩ ও ৫ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। গত জুনে ওয়ানডে অভিষেক হওয়া মুস্তাফিজ এ পর্যন্ত খেলেছেন মাত্র ৯টি ওয়ানডে। ৩ ম্যাচে মাত্র দুটি উইকেট পেলেও বাঁহাতি স্পিনার আরাফাত সানি ১৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৯ নম্বরে। সানির ঠিক ওপরে আছেন জাতীয় দল থেকে বাদ পড়া বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। মুস্তাফিজের ঠিক ওপরে ৪০ নম্বরে আছেন চোট নিয়ে বাইরে থাকা পেসার রুবেল হোসেন। জিম্বাবুয়ে সিরিজে ৪ উইকেট নিয়ে অফস্পিনার নাসির হোসেন এগিয়েছেন ১৬ ধাপ। তিনি আছেন ৭৯তম স্থানে। বোলার হিসেবে সাকিব আল হাসানের অবস্থান চারে। ব্যাটিঙে যৌথভাবে ১৭ নম্বরে আছেন সৌম্য ও মুশফিক। তামিম ইকবাল আছেন ২৬ নম্বরে। সাকিব আল হাসান ৩২ ও নাসিরের অবস্থান ৩৯ নম্বরে। ইমরুল কায়েস ১৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন সেরা ১০০-তে। তার অবস্থান ৯৮। অলরাউন্ডারদের ৱ্যাঙ্কিঙে সাকিব যথারীতি শীর্ষে। ৬ ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন নাসির হোসেন।

Leave a comment