মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম জয়ের স্বপ্নটা ধরাছোঁয়ার বাইরেই থেকে গেল। তাজিকিস্তানের মাঠে ফিরতি লেগের ম্যাচে ৫-০ গোলে উড়ে গেছে মামুনুলের দল। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বে ছয় ম্যাচে এটি বাংলাদেশের পঞ্চম হার। বাংলাদেশের দায়িত্ব নেয়ার পর কোচ ফাবিও লোপেজ দু ম্যাচেই হারলেন। আগের ম্যাচে কিরগিজস্তানের মাঠে ২-০ গোলে হারে বাংলাদেশ। তাজিকিস্তানের বাছাই পর্বের প্রথম জয়ের ম্যাচে চার গোল করেন ফরোয়ার্ড জালিলভ; অপর গোলটি নাজারভের। বাংলাদেশে খেলতে এসে ড্র করে ফিরেছিলো তাজিকিস্তান। ওই ম্যাচ থেকেই একমাত্র পয়েন্টটি পেয়েছিলো বাংলাদেশ। শুরুর একাদশে নির্ভরযোগ্য ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধুরীর অনুপস্থিতি, ফরোয়ার্ড আবুল বাতেন মজুমদারের ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলানোর কৌশলও কাজে দেয়নি। প্রথমার্ধের খেলায় তাই স্বাগতিকদের একচ্ছত্র আধিপত্য ছিলো। ষষ্ঠ মিনিটে জালিলভের শট পোস্টের ওপর দিয়ে উড়ে যায়। তবে জামাল ভূইয়াদের নিষ্ক্রিয় করে রেখে মাঝ মাঠের নিয়ন্ত্রণ নেয়া স্বাগতিকরা ঘোড়শ মিনিটে এগিয়ে যায়। ডানদিক থেকে সতীর্থের ক্রস থেকে পাওয়া বলে প্লেসিং শটে বাংলাদেশ গোলরক্ষক শহিদুল আলম সোহেলকে পরাস্ত করেন জালিলভ। দশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে নেয় তাজিকিস্তান। সতীর্থের ডিফেন্সচেরা পাসে বল নিয়ে দ্রুত বাংলাদেশের বক্সে ঢুকে যা জালিলভ। ফরোয়ার্ড থেকে ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে যাওয়া কমল স্লাইড করলেও বল বিপদমুক্ত করতে ব্যর্থ হন। সোহেলকে আয়েশী শটে পরাস্ত করেন স্কোরলাইন ২-০ করেন তাজিকিস্তানের এই ফরোয়ার্ড। প্রথমার্ধে ম্যাচে ফেরার মতো কোনো আক্রমণই সাজাতে পারেনি লোপেজের শিষ্যরা। ৩৩তম মিনিটে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের দূরপাল্লার শট, এরপর কমলের ক্রসে মামুনুলের শট- কোনোটাই ঠিকানা খুঁজে পায়নি। ৪৫তম মিনিটে মূল ফরোয়ার্ড হিসেবে খেলা নাবিব নেওয়াজ জীবনের দুর্বল শটও সোজা জমে যায় তাজিকিস্তানের গোলরক্ষকের গ্লাভসে। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় তাজিকিস্তান। বক্সের মধ্যে নাসিরুল ইসলাম জালিলভকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। বলের লাইনে ঝাঁপিয়ে পড়লেও নাজারভের জোরাল শট ফেরাতে পারেননি সোহেল।