প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মোদীর ফোন
স্টাফ রিপোর্টার: সন্ত্রাসের বিরুদ্ধে পাশে থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা’র শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে হস্তান্তর করার পর বুধবার দুপুরে শেখ হাসিনাকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নূর ইলাহী মিনা এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানোর বিষয়টি নরেন্দ্র মোদী তার টুইটার একাউন্টেও পোস্ট করেন। হিন্দু ধর্মাবলম্বীদের দিওয়ালি উৎসব উপলক্ষে নরেন্দ্র মোদী ফোনে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে। পিএমও ইন্ডিয়া’র টুইট বার্তায় বলা হয়েছে, দিওয়ালির শুভেচ্ছা জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাথে কথা বলেছেন। এ সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার জন্য মোদী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ বন্ধের নির্দেশ
স্টাফ রিপোর্টার: পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্যপদে নিয়োগ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি আদেশ জারি করে। মন্ত্রণালয়ের যুগ্মসচিব চৌধুরী মুফাদ আহমদ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা সংশোধন করে গেজেট জারির দিন থেকে, অর্থাৎ গত ২২ অক্টোবর থেকে এই নির্দেশনা কার্যকর হবে। ২২ অক্টোবরের আগে গৃহীত নিয়োগ কার্যক্রম (পত্রিকায় বিজ্ঞপ্তিসহ আনুষঙ্গিক প্রক্রিয়া গ্রহণ) আগের নিয়মেই সম্পন্ন করা যাবে। কিন্তু কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান যদি ২২ অক্টোবর বা এর পরে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষক নিয়োগ করে থাকে, তাহলে তা অবৈধ হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কিছু পদ্ধতিগত পরিবর্তন প্রয়োজন হবে। এ কারণেই নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। নতুন পদ্ধতি নিয়ে শিগগির একটি পরিপত্র জারি করা হবে।
রাবির ভর্তি জালিয়াতির ঘটনায় ৯ জন দণ্ডিত : বহিষ্কৃত ৪
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তৃতীয় দিনে জালিয়াতির দায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর তারিকুল হাসান জানান, গতকাল বুধবার প্রকৌশল অনুষদভুক্ত এইচ ও জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত এফ ইউনিটের পরীক্ষা চলাকালে বিভিন্ন অভিযোগে আটক ১৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা বেগম নয়জনকে সাজা দেন। এদের মধ্যে হাসানুল বারী নামে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আটজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। অন্য চারজনকে বহিষ্কার করে পুলিশে দেয়ার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী অনার্স মোহাম্মদ মারুফ, তুষার খান, হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মশিউর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি সাহিত্য বিভাগের প্রথম বর্ষের জামশেদুল ইসলাম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের আশিকুর রহমান, রাজশাহী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের আব্দুল্লাহ আল নোমান, পাবনা অ্যাডওয়ার্ড কলেজের সিদ্দিকুর রহমান, চাপাইনবাবগঞ্জের সাদিকুল ইসলামের ছেলে জিকেন আলী ও কুষ্টিয়ার দৌলতপুর এলাকার নাজমুস শাহাদাতের ছেলে হাসানুল বারী। বহিষ্কৃত ও আটকৃতরা হলেন, রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের প্রথম বর্ষের মিজানুর রহমান, বগুড়া জিয়াউর রহমান মেডিকের কলেজের প্রথম বর্ষের ফরিদ উদ্দিন, রাজশাহীর হরিয়ান এলাকার হাসান মিয়ার মেয়ে আয়েশা সিদ্দীকা ও রাজশাহীর মতিহার থানার শ্যামপুরের মাহফুজুর রহমান বাদশার ছেলে শাহরিয়ার পারভেজ।