গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার রামনগর গ্রামে গতকাল বুধবার সন্ধ্যায় ট্রাক্টর উল্টে চালক কাওছার আলী (৪০) নিহত হয়েছেন। অপরদিকে ঝিনেরপুলপাড়াতে যাত্রীবাহি বাসের সাথে স্যালোইঞ্জিনচালিত আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। নিহত কাওছার আলী মহাম্মদপুর গ্রামের দবির উদ্দীনের ছেলে।
জানা গেছে, কাউছার আলী রামনগর গ্রামে জমি চাষ শেষে মাঠ থেকে পাকা রাস্তায় উঠার সময় ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় চালক কাউছার আলী ট্রাক্টরের নিচে পড়ে মারাত্বক আহত হন। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বামুন্দীর একটি ক্লিনিকে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় বইছে শোকের ছায়া।
এদিকে সকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার ঝিনেরপুলপাড়া এলাকায় আলমসাধুর সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় হাসেম (৩৫), কাশেম (৩২), আজিবার রহমান (৪০) ও আজিজুল হকসহ (৫২) অন্তত ১৫ জন। আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা সকলেই এ উপজেলার কুঞ্জনগর গ্রামের বাসিন্দা। আহত আজিজুল ইসলাম জানান, সকালে আবুল খয়ের তামাক কোম্পানির সার নেয়ার জন্য কুঞ্জনগর গ্রামের ১৫ চাষি আলগামন যোগে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন। ঝিনেরপুল নামক স্থানে পৌঁছুলে বিপরিত দিক থেকে আসা একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলগামনটি উল্টে পড়ে সকলেই আহত হন।
গাংনীতে ট্রাক্টর উল্টে চালক নিহত : বাসের ধাক্কায় আলগামনের সংঘর্ঘে আহত ১৫