স্টাফ রিপোর্টার: বাংলাদেশ হকি দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পেলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু। এ দায়িত্ব নিয়ে আজ (বুধবার) রাত ১১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ হকি দলের সাথে উড়াল দিবেন মালয়েশিয়ার উদ্দেশে। প্রাপ্ত তথ্যানুযায়ী অনূর্ধ্ব-২১ যুব এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় বাংলাদেশ ‘বি’ গ্রুপে খেলবে। বি গ্রুপের অপর দেশগুলো হলো পাকিস্তান, কোরিয়া ও ওমান। ‘এ’ গ্রুপের দেশগুলো হলো ভারত, চীন, জাপান ও স্বাগতিক মালয়েশিয়া। আগামী ১৪ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত অনূর্ধ্ব-২১ যুব এশিয়া কাপ হকি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খেলাগুলো হবে মালয়েশিয়ার কোয়ান্টন প্রদেশের হকি স্টেডিয়ামে। ২২ সদস্যের বাংলাদেশ হকি দলে কোচ মাহাবুব হারুন, সহকারী কোচ আলমগীর হোসেন, ম্যানেজার রফিকুল ইসলাম লাড্ডু ও সহকারী ম্যানেজার জাফরুল আহসান বাবুল।
চুয়াডাঙ্গা জেলার হয়ে দ্বিতীয় ব্যক্তি হিসেবে বাংলাদেশ হকি দলের ম্যানেজার হলেন রফিকুল ইসলাম লাড্ডু। এর আগে চুয়াডাঙ্গা জেলার প্রথম ব্যক্তি হিসেবে বাংলাদেশ হকি দলের ম্যানেজার হিসেবে ১৯৯৯ সালে এশিয়া কাপ হকি দলের দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বাংলাদেশ হকি দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনের উদ্দেশে চুয়াডাঙ্গা ত্যাগ করার সময় সংক্ষিপ্ত সাক্ষাতে লাড্ডু মাথাভাঙ্গাকে বলেন, আমার খেলোয়াড়ি জীবনে এটি সবচেয়ে বড় সাফল্য। এ সাফল্যের পেছনে সবার আগে মরহুম পিতা রফাতুল্লাহ পণ্ডিত সাহেবের অনুপ্রেরণা ও নিজের পরিশ্রমের কথা উল্লেখ করেন। তিনি আরো বলেন, ১৯৭৫ -১৯৭৯ সাল পর্যন্ত কুষ্টিয়া জেলা হকি দলের নিয়মিত খেলোয়াড় ছিলাম। যুব এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় বাংলাদেশ যেন ভালো করতে পারে সেজন্য চুয়াডাঙ্গা জেলাবাসীসহ দেশবাসীর নিকট দোয়া চাই।