গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী প্রগতি ক্লাব অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চৌগাছা ইয়াং স্টার ফুটবল একাদশ। গতকাল মঙ্গলবার বিকেলে মডেল প্রাথমিক বিদ্যালয়মাঠে ফাইনালে ১-০ গোলে গাংনী উত্তরপাড়া ফুটবল একাদশকে হারিয়ে শিরোপা ঘরে তোলে চৌগাছা ইয়াং স্টার।
খেলার শুরুতেই মাঝ মাঠ দখল করে গোল আদায়ে মরিয়া হয়ে ওঠে স্বাগতিক উত্তরপাড়া দল। গোলের সুযোগও আসে। কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হয় উত্তরপাড়া একাদশের স্টাইকারা। পাল্টা আক্রমণে প্রথমার্থের ২০ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন বিজয়ী দলের হিরোক। গোল পরিশোধে মরিয়া উত্তরপাড়া একাদশ দ্বিতীয়ার্ধে দুটি সুযোগ কাজে হাতছাড়া করে। আক্রমণ পাল্টা আক্রমণে শেষ পর্যন্ত এক গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ঘরে ফেরে চৌগাছা ইয়াং স্টারের ইয়াং খেলোয়াড়রা।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রগতি ক্লাব সভাপতি মিজানুর রহমান মজনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্লাবের উপদেষ্টা ও গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, উপদেষ্টা মজির উদ্দীন, আব্দুল জলিল, জিয়াউল ইসলাম, সাধারণ সম্পাদক তুয়ার ইমরান, কোষাধ্যক্ষ মারুফ হোসেন, সদস্য তানভীর ইসলাম উজ্জল, জহুরুল ইসলাম, মিলন হোসেন।
ফাইনালে রেফারির দায়িত্ব পালন করেন ক্লাবের আইন বিষয়ক সম্পাদক ও উত্তরপাড়া মাঠের নিয়মিত রেফারি আব্বাস আলী। টুর্নামেন্টে ম্যান অব দ্য ম্যাচ বিজয়ী দলের হিরোক ও ম্যান অব দি টুর্নামেন্ট শান্তকে পুরস্কৃত করা হয়। শুধু ফুটবল নয় ক্রিকেট, কাবাডী, হা-ডু-ডু, ভলিবল ও বাস্কেটবলসহ দেশীয় সব জনপ্রিয় খেলা নিয়মিত আয়োজন করা হবে বলে বক্তব্যে বলেন ক্লাব সভাপতি মজনু। এলক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।