চুয়াডাঙ্গা ও জীবননগর মিনাজপুরে নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার/জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা বিটিসিএলের ভারপ্রাপ্ত উপবিভাগীয় প্রকৌশলী ও কুষ্টিয়া টেলিকমের বিভাগীয় সিবিএ সভাপতি আবু তাহের ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫২ বছর। গতকাল মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়ার নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসন্তান রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জান্নাতুল মওলা কবরস্থানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার নিজ গ্রাম জীবননগর উপজেলার মিনাজপুরে মৃতদেহ নেয়া হয়। বাদ আছর দ্বিতীয় দফা নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দ্বিতীয় নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক প্রেসক্লাব সেক্রেটারি সরদার আল আমিন, কুষ্টিয়া টেলিকমের বিভাগীয় সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, এসএম ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী মাসুম মণ্ডল গভীর শোক প্রকাশ করে পৃথক পৃথক শোকবাণীতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, আবু তাহের ওরফে রবি নফল রোজার জন্য গতকাল মঙ্গলবার ভোরে সেহরি খেয়ে বিছানায় যান। কিছুক্ষণ পরই তিনি ছটফট করতে শুরু করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে নিকটজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। আবু তাহেরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের মৃত মহাম্মদ মণ্ডলের ছেলে আবু তাহের ওরফে রবি চুয়াডাঙ্গা টিঅ্যান্ডটি তথা বিটিসিএল’র উপবিভাগীয় প্রকৌশলী পদে সর্বশেষ কর্মরত ছিলেন। বাদ আসর মিনাজপুর স্কুলমাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, সাবেক উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন মিয়া ও গোলাম মোর্তুজা মরহুমের বর্ণময় কর্মজীবন নিয়ে আলোচনা করেন। তার নামাজে জানাজায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল আলম ঝন্টু ও সাংবাদিক কামাল উদ্দিন জোয়ার্দ্দারসহ জেলার রাজনৈতিক ও সামাজিক নেতৃবর্গ অংশগ্রহণ করেন। নামাজে জানাজা শেষে আবু তাহের রবিকে তাদের পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন কাজ সম্পন্ন করা হয়।