গোল্ডেন ওয়ার্ল্ড সেরা সাংবাদিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

দেশে অপসাংবাদিকতা থাকবে না

 

স্টাফ রিপোর্টার: দেশে গণমাধ্যম থাকবে কিন্তু অপসাংবাদিকতা থাকবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরাম আয়োজিত গোল্ডেন ওয়ার্ল্ড সেরা সাংবাদিক পুরস্কার ২০১৪ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দর্শক ফোরামের সভাপতি শাহাবুদ্দিন শাহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও গোল্ডেন ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদা হোসেন প্রমুখ।

অশ্লীলতা, মিথ্যাচার, উসকানি, নির্মমতা, খণ্ডিত তথ্য এবং অতিরিক্ত বিজ্ঞাপনের ভার থেকে দর্শকদের রক্ষা করার জন্য টেলিভিশন চ্যানেলগুলোর প্রতি আহ্বান জানিয়ে ইনু বলেন, দেশে গণতন্ত্র থাকবে কিন্তু অপরাধী নয়; গণমাধ্যম থাকবে কিন্তু অপসাংবাদিকতা নয়। তিনি বলেন, গণমাধ্যম ও গণতন্ত্র হাত ধরাধরি করে চলে। সম্প্রচার মাধ্যমের বৃহত্তর বিকাশ এবং দর্শকদের অধিকার রক্ষার জন্য দর্শকদের মতামত, পরামর্শ বা অভিযোগ নিষ্পত্তির বিষয়টি স্বাধীন সম্প্রচার কমিশনের ওপর ন্যস্ত করবে সরকার।

মন্ত্রী বলেন, টেলিভিশন সম্প্রচার কমিশন হবে সম্প্রচার আইন ও সাংবাদিকদের সুরক্ষায়। এ কমিশন সরকার ও রাষ্ট্রের স্বার্থ দেখবে। সম্প্রচার কমিশন ও আইনের মাধ্যমে সরকারি হস্তক্ষেপে কোনো প্রতিষ্ঠান ধ্বংস হবে না। তিনি বলেন, সম্প্রচার কমিশনের মাধ্যমে গণমাধ্যম জীবন্ত হবে। কিন্তু যারা অপরাধী তারা থাকবে না। যারা রাষ্ট্র ও মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না সম্প্রচার ও রাজনীতি থেকে তাদের দূরে রাখতে হবে। এ কাজে গণমাধ্যমকেও সহযোগিতা করতে হবে।

খালেদার বিচার করা মানে বিএনপি ভাঙা নয় সুবিচার নিশ্চিত করা- এমন মন্তব্য করে জাসদ সভাপতি বলেন, রাজনৈতিক দল কোনো অপরাধী, যুদ্ধাপরাধী ও আগুন সন্ত্রাসীদের আশ্রয়স্থল হতে পারে না। কারণ আগুন সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতিবাজ, যুদ্ধাপরাধী নেতা-নেত্রী যদি কোনো গণতান্ত্রিক দলে থাকে তাহলে দলের সাংগঠনিক অবস্থা এমনিতেই ভেঙে পড়বে। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, দুর্নীতিবাজ খালেদা ও তারেক রহমানকে বাদ দিয়ে দলকে শক্তিশালী করুন। এতে বিএনপি শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হবে। তথ্যমন্ত্রীর বক্তব্যের পরপরেই দর্শক জরিপে সেরা সাংবাদিক ও অনুষ্ঠান নির্মাতাদের পুরষ্কৃত করা হয়।

Leave a comment