মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল কমিটি গঠন ছাড়া শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার ছিলো মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। গতকাল দুপুর ১২টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিলের উদ্বোধন করা হয়। কাউন্সিলের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পিনু খান এমপি। কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন নেছা মোশাররফ। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীম আরা হীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমীন। সম্মেলনের উদ্বোধক পিনু খান বলেন, দেশ যখন মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে তখন একটি কুচক্রী মহল রাস্তায় মানুষ ও যানবাহন পুড়িয়ে দেশের সম্পদ ধ্বংস করার কাজে লিপ্ত রয়েছে। কোনো ষড়যন্ত্রই দেশের উন্নয়নে বাধা হতে পারবে না। জনগণের ট্যাক্সের টাকায় কেনা হয় রাস্ট্রিয় সম্পদগুলো। অথচ তারা এসব সম্পদ ধ্বংসের কাজে লিপ্ত রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক এমপি জয়নাল আবেদীন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, মহিলা আওয়ামী লীগ নেত্রী তহমিনা আবেদীন, সামিউন বাশিরা পলি, লুৎফুন নেছা লতা, রেহেনা মান্নান, নার্গিস আক্তার, মোনালিসা ফেরদৌস এ্যানি, সুফিয়া আখতার জামিলা প্রমুখ। সম্মেলনে মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করতে ব্যর্থ হয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কমিটি গঠন ছাড়াই বেলা আড়াইটার দিকে কাউন্সিল শেষ করে ঢাকার উদ্দেশে রওনা দেন।
কমিটি গঠন ছাড়াই মেহেরপুর মহিলা লীগের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন