স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সরবরাহ লাইনের পানি পান করে শতাধিক নারী, পুরুষ ও শিশু ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত ৯টা থেকে গতকাল বেলা ১১টা পর্যন্ত সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন ডায়রিয়ার রোগী। আক্রান্ত সবাই পৌর এলাকার নাগরিক। এদিকে হাসপাতালে বেড না পেয়ে অনেকে বারান্দায় চিকিৎসা নিচ্ছেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে যাচ্ছেন অনেকে। আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরত চিকিৎসক-নার্সরা।
চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিকুল ইসলাম জানান, চিকিৎসা নিতে আসা রোগীরা পানি পান করে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মাওলানা আবদুল মতিন জানান, পৌরসভার সরবরাহ পানি পানে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার অভিযোগ সঠিক নয়। এরপরও যদি কেউ এ অভিযোগ করেন তাহলে তিনি পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। পৌরসভার ভারপ্রাপ্ত পানি সুপার মো. রোকনুজ্জামান জানান, সাধারণত পাইপ ছিদ্র হলে পানি দূষিত হতে পারে। কিন্তু এরকম কোনো তথ্য তাদের কাছে নেই। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।