মেহেরপুরের গাংনীতে দুটি বাড়িতে বোমা হামলা

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের দুটি বাড়িতে শনিবার মধ্যরাতে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও গ্রামজুড়ে বিরাজ করছে অজানা আতঙ্ক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত একটার কিছুক্ষণ পরে ওই গ্রামের চাতাল ব্যবসায়ী টগর মিয়ার বাড়িতে পরপর তিনটি বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর কিছুক্ষণ পরে একই পাড়ার ভূষিমাল ব্যবসায়ী রবিউল ইসলামের বাড়িতে আরো একটি বোমা নিক্ষেপ করা হয়। বোমা বিস্ফোরণের বিকট শব্দে গ্রামবাসীর ঘুম ভাঙে। বোমাঘাতে রবিউলের ঘরের টিন ছিদ্র হয়েছে বলে জানান গ্রামের অনেকেই।

এদিকে খবর পেয়ে রাতেই গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কী কারণে এ হামলা তা পুলিশ নিশ্চিত নয় বলে জানান গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম। বোমা বিস্ফোরণের পর থেকে জোড়পুকুরিয়া গ্রামের মানুষের মধ্যে বিরাজ করছে এক অজানা আতঙ্ক। চাঁদা দাবিতে হামলা হতে পারে বলে গ্রামবাসী ধারণা করলেও রবিউল ও টগর বলেছেন, কেউ চাঁদা দাবি করেনি।

Leave a comment