মুজিবনগর প্রতিনিধি: গাঁজা রাখার অপরাধে গাঁজা ব্যবসায়ীকে কারাদণ্ডাদেশ দিয়েছেন মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কুমার মণ্ডল। গতকাল রোববার দুপুরের দিকে তিনি ওই দণ্ডাদেশ ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হচ্ছে- মুজিবনগরের ভবেরপাড়া গ্রামের আবুল কাশেম শাহ্ (৩৫) ও একই গ্রামের জিনারুল (২৫)।
মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, শনিবার মধ্যরাতে ভবেরপাড়া বাজার এলাকায় আবুল কাশেম শাহ্ ও জিনারুল গাঁজা নিয়ে অবস্থান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার এএসআই আবু তাহের সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ভবেরপাড়া বাজার এলাকা থেকে দুজনকে গ্রেফতার করেন। এ সময় তাদের দেহ তল্লাশি করে দু পুরিয়া গাঁজা ও দু পুরিয়া মতিহার উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)’র টেবিল ৭(ক) ধারায় দোষী সাব্যস্ত করে আবুল কাশেমকে দু মাস ও জিনারুলকে ১০ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেন।